ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

আহত পুলিশ সদস্য
আহত পুলিশ সদস্য | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার, ২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ।

অভিযানে আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের পর সে জানায়, সে জামিনে আছে। পুলিশ তার জামিনের কাগজ দেখতে চাইলে আব্দুল কদ্দুস টালবাহানা শুরু করে। একপর্যায়ে আব্দুল কুদ্দুসের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ বাধা দিলে আব্দুল কুদ্দুসের স্বজনরা পুলিশের ওপর দেশিয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এফএস