ত্রিশালে একটি বড় বিমানবন্দর স্থাপনের বিষয়ে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত | ছবি: এখন টিভি
0

বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলেও দশ বছরের মধ্যে আরও একটি বড় বিমানবন্দর প্রয়োজন হবে। সে লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি বড় বিমানবন্দর স্থাপনের বিষয়ে সমীক্ষা চলছে।

আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘দেশের প্রয়োজনের তাগিদেই বিমান কেনা হচ্ছে। দেশের মেধাবীরা যেভাবে বিকশিত হচ্ছে তাতে বিমানের সংখ্যা আরও বাড়াতে হবে। এখনো অনেক শ্লটে বিমান যোগাযোগ স্থাপন করা যায়নি। অন্তত দু’শর বেশি বিমান বহরে থাকা উচিত। একটি গোষ্ঠী বিমান কেনা নিয়ে শুধুই বিরোধিতা জন্য বিরোধিতা করছে।’

দুর্গাপূজা নিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আজকের মেধাবীরাই আগামী দিনের দেশের হাল ধরবে। শুধু নিজের উন্নয়নের চিন্তা না করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু ও লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অনেকে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

জেআর