তেঁতুলিয়া নদীর ভাঙন ঠেকাতে ৭৩৯ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুর বস্তা
নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে বালুর বস্তা | ছবি: সংগৃহীত
0

বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সারে পাঁচটায় এর উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পের কাজের উদ্বোধন করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও ব্লক দিয়ে বাঁধ নির্মাণের এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ২৯টি প্যাকেজে ১১ দশমিক ০৪ কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ করা হবে।

নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে। এতে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙন থেকে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

মেহেন্দিগঞ্জের মানুষের কাছে নদীভাঙন দীর্ঘদিনের আতঙ্ক। প্রতিবছর নদীর পাড় ভেঙে নতুন নতুন এলাকা ঝুঁকিতে পড়ে। বড় পরিসরে নদীতীর সংরক্ষণের এ কাজ দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হলে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।

প্রকল্পের আওতায় নদীর তীরের ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ ও ব্লক ফেলার মাধ্যমে তীর সংরক্ষণ করা হবে। পর্যায়ক্রমে নির্ধারিত ১১ দশমিক ০৪ কিলোমিটার এলাকায় এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, সরকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকতসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আমির হোসেন ও মাহফুজুর রহমান এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেআর