কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করছি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনি সহায়তা দিচ্ছে। কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা করেছি। এ লক্ষ্যে যে কয়টা এনজিও আইনি সহায়তা দেয় তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে পিটিআই হলরুমে চাকরি মেলা সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন তিনি। ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে এ চাকরি মেলার আয়োজন করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি।

মন্ত্রী বলেন, ‘একটি আইনে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। আমরা সংশোধনী এনেছি। বিশেষ করে বৃদ্ধ বাবা-মাকে নিরাপত্তা দেয়ার জন্য।’

আয়োজক সংগঠনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। তারা ২২ হাজার আবেদনের বিপরীতে ১ হাজার ১১৫ জনকে চাকরি প্রদান করেছে। প্রধান অতিথির হাত থেকে চাকরিপ্রাপ্তরা নিয়োগপত্র গ্রহণ করেন।

এএইচ