বিজিবি জানায়, গতরাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় প্রসাধনসামগ্রী পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





