আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও ‘জিয়া’ নামকরণের দাবিতে বিক্ষোভ

কারখানায় গ্যাস সরবরাহ ও ‘জিয়া’ নামকরণের দাবিতে বিক্ষোভ
কারখানায় গ্যাস সরবরাহ ও ‘জিয়া’ নামকরণের দাবিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দ্রুত গ্যাস সরবরাহ, আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন চালু এবং কারখানাটির পূর্বনাম ‘জিয়া সার কারখানা’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টির নেত্রী জয়ন্তি বিশ্বাস, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও সাংগঠনিক সম্পাদক তানভীর রহমানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০১০ সালের পর থেকে একটি কুচক্রী মহল দেশিয় সার কারখানাগুলো বন্ধ রেখে সার আমদানি বাণিজ্যে যুক্ত হয়েছে। দীর্ঘদিন কারখানাগুলো বন্ধ থাকায় এগুলো যান্ত্রিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা বলেন, গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করে আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি সচল করতে হবে।

একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানার পূর্বনাম ‘জিয়া সার কারখানা’ পুনর্বহালের দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারী ও সমর্থকরা।

এএইচ