শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী অমিত

অনিন্দ্য ইসলাম অমিত
অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক্সট্রা কারিকুলামের ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে।

আজ (শুক্রবার, ২৮ আগস্ট) যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের শিক্ষাক্ষেত্রে জিডিপির মোট দুই শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীত কোনো সময় শিক্ষাক্ষেত্রে এমন বরাদ্দ দেয়া হয় নি। আগামীতে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হবে, পর্যায়ক্রমে পাঁচ শতাংশ করা হবে। এক্ষেত্রে কোনো কার্পণ্য করবো না, যাতে করে যাদের চোখে আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশটাকে গড়তে চাই। তারা যেন নিজেদেরকে যোগ্য করে গড়তে পারে। তারা যেন বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে দেশকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে। সেভাবেই আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে চাই।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরির সমৃদ্ধ করার কথা বলেন। এক্ষেত্রে তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সহযোগিতা করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্রড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ আরও অনেকে।

এসএস