পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ (শনিবার, ১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া গণঅধিকার পরিষদ তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
এসময় মুফতি আমির হামজা বিক্ষোভ মিছিল অতিক্রম করে তার নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়িতে হামলা চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। আহত হন মুফতি আমির হামজাসহ অন্তত ১০জন।
এমপি আমির হামজা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা এবং ইট পাটকেল দিয়ে তাকে বহনকৃত গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ জামায়াতের অন্তত সাতজন আহত হন।
এ ব্যাপারে কুষ্টিয়া গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌফির আহমেদ অভিযোগ করেন, তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে এমপি আমির হামজার কটূক্তির প্রতিবাদে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় জামায়াতের নেতাকর্মীরা তাদের সমাবেশে অতর্কিত হামলা চালায়।
হামলায় তিনিসহ তাদের তিনজন আহত হন। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জামায়াত এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





