পাঁচ মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক চমক দেখিয়েছেন: বিএমডিএ চেয়ারম্যান

কথা বলেছেন বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন
কথা বলেছেন বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিন | ছবি: এখন টিভি
0

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে অনেক চমক দেখিয়েছেন।সরকারের বিভিন্ন উন্নয়নের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে।

আজ (রোববার, ২ আগস্ট) দুপুরের দিকে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন হাসান জাফির তুহিন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন:

‎সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

‎এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাছের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন এবং চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ প্রমুখ।

এসএইচ