পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার যন্ত্রাংশসহ চোর-চক্রের ৬ সদস্য আটক

চোর-চক্রের ৬ সদস্যরা পুলিশ হেফাজতে
চোর-চক্রের ৬ সদস্যরা পুলিশ হেফাজতে | ছবি: এখন টিভি
0

পাবনায় ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৭ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মো. ছুফি উল্লাহ এ তথ্য দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— উজ্জ্বল (৩৮), আকরাম ফকির (৩৮) জহুরুল ইসলাম (৩০) দুলাল ফকির (৩০) রফিকুল ইসলাম (৩০) ও জীবন (২৫)। তারা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলার বাসিন্দা।

পাবনা পুলিশ সুপার জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর-কেশবপুর এলাকায় বিগত ১০ জুলাই রাতে বিআইডব্লিউটিসির সেচ প্রকল্পের একটি ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে।

তিনি আরও জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপার, টিনের কোর প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রান্সফরমার কেটে খুলতে ব্যবহৃত হ্যাকসো, প্লাস, রেঞ্চ, গ্যাস কাটারসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।

জেআর