মহানগরের নিরাপত্তায় পুলিশকে দেড় শতাধিতক সিসি ক্যামেরা দিলো রাসিক

আরএমপি কমিশনারের হাতে সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাসিক প্রশাসক
আরএমপি কমিশনারের হাতে সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাসিক প্রশাসক | ছবি: এখন টিভি
0

রাজশাহী মহানগরের নিরাপত্তা নিশ্চিতের পাশপাশি অপরাধ দমন, পর্যবেক্ষণ ও ডিজিটাল সিকিউরিটি গড়ে তুলতে নগর পুলিশকে দেড় শতাধিতক সিসি ক্যামেরা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এর আগে, আরএমপির সম্মেলন কক্ষে দু’টি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নগর ও নগারিকসেবা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এসময় আলোচনায় অংশগ্রহনকারীরা, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমের স্থানগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরাগুলো স্থাপন করার গুরুত্ব তুলে ধরেন।

এতে ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন:

এসময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিকসেবা সুনিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন কাজ করছে। জনগণের চাহিদার গুরুত্ব দিয়ে এই কাজ করছে সিটি করপোরেশন। নগরবাসীর নিরাপত্তার ও শান্তির মহানগরী গড়তে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’

আগামীতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান সিটি প্রশাসক।

এর প্রতিক্রিয়ায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ‘আশা করি, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি করপোরেশন প্রদত্ত অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রিভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

নতুন করে নগরীর ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আরও নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এসএইচ