নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে হরিরামপুরে বিক্ষোভ

নৌপথে চাঁদাবাজি বন্ধে মানিকগঞ্জে বিক্ষোভ
নৌপথে চাঁদাবাজি বন্ধে মানিকগঞ্জে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

পদ্মা, যমুনাসহ দেশের সব নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ।

আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাল্কহেড নৌযানের মালিক, শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাল্কহেড ড্রেজার ব্যবসায়ী সুরুজ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী মিয়াজী।

বক্তারা অভিযোগ করে জানান, দেশের নৌপথে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতির কারণে বাল্কহেড নৌযানের মালিক ও শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। প্রতিনিয়ত নৌযান চলাচলে বাধা, চাঁদা দাবি এবং ডাকাতির ঘটনায় ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন

তারা আরও জানান, বিআইডব্লিউটিএর টোল, ট্যাক্স ও চ্যানেল চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে নৌপরিবহন খাতে ব্যয় বেড়ে যাচ্ছে। পাশাপাশি নৌযানের সনদপত্র তদারকির নামে বিভিন্ন সময় অযথা হয়রানি, মিথ্যা মামলা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা মালিক-শ্রমিকদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গফুর মোল্লা, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন আহম্মেদ, হিসাবরক্ষক আবুল বাসার, মুন্সিগঞ্জ বাল্কহেড মালিক সমিতির প্রতিনিধি জামাল খান এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার মাস্টার।

জেআর