খানসামায় অটোরিকশা-গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ১, আহত ৪

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ (বুধবার, ২২ জুলাই) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবু (৩৫) নীলফামারী সদর উপজেলার টুপামারী শাহপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্বজনদের বরাতে জানা যায়, যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক রুসুল করিম বাবুর মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এএইচ