আজ (শনিবার, ২৭ জুন) বিকেলে কক্সবাজারের গোল চত্বর মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় সহযোগী হিসেবে ছিলো আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজার এবং সার্বিক সহযোগিতা করেছে চন্দ্রকলি ফাউন্ডেশন।
কর্মসূচির শুরুতে গোল চত্বর মাঠে একটি স্মারক বৃক্ষ রোপণ করা হয়। পরে শতাধিক ফুটবল সমর্থকের মধ্যে জনপ্রতি সর্বোচ্চ ১০টি করে দেশিয় প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিলো আম, জাম, কাঁঠাল, নারকেল, বেল, আমলকী, নিম, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, অর্জুন, বহেরা, মহুয়াসহ প্রায় ৩০ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যানস ফর নেচারের প্রতিষ্ঠাতা ও চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান বেইজ কক্সবাজারের সংগঠক এহসান আল কতুবি, মোরশেদ আলম, অনিক, রবিন, আহসান সুমন, ফারুক, ইনজামামসহ চন্দ্রকলি ফাউন্ডেশনের উপদেষ্টা, পরিবেশপ্রেমী ও অসংখ্য ফুটবল সমর্থক।
আরও পড়ুন:
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণদের উচ্ছ্বাসকে পরিবেশ সংরক্ষণের ইতিবাচক উদ্যোগে যুক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই খেলার প্রতি ভালোবাসাকে প্রকৃতির প্রতি দায়িত্ববোধে রূপান্তর করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
তারা জানান, দেশব্যাপী চলমান কর্মসূচির আওতায় এরই মধ্যে বিভিন্ন জেলায় ৪ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পাশাপাশি রোপণ করা চারাগুলোর আগামী দুই বছর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হবে।
অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যানস ফর নেচারের প্রতিষ্ঠাতা শাখাওয়াত উল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ শিরোপা জিতলে দেশজুড়ে আরও ৪০ হাজার গাছের চারা রোপণ করবে সংগঠনটি।




