পঞ্চগড়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৯ জন

পঞ্চগড়ে শিয়ালের কামড়
পঞ্চগড়ে শিয়ালের কামড় | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (সোমবার, ২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের উত্তর গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

আহত মধ্যে যাদের হাসপাতালে নেয়া হয় তারা হলেন— উত্তর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪৫), বেলাল হোসেন (৪২), মফিজ উদ্দিন (৫০), আবদুর রাজ্জাক (৫১) এবং একই এলাকার জাফরুল ইসলামের মেয়ে জুঁই আক্তার (৫)।

তাদের মধ্যে ইসমাইল হোসেন ও জুঁই আক্তার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে ঘটনার পর শেয়ালটিকে ধরতে গিয়ে আহত হন ওই এলাকার আরও চারজন।

ভুক্তভোগীরা জানান, দুপুরে ওই এলাকায় চা বাগান থেকে শেয়ালটি এসে ওই শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর শেয়াল ধরতে লাঠি নিয়ে তাড়া করে গ্রামবাসী। এসময় কয়েকজন শেয়ালের আক্রমণের শিকার হয়। এক পর্যায়ে শেয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।

আরও পড়ুন:

হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন বলেন, ‘দুপুরে প্রতিবেশী একটি শিশুকে শিয়াল কামড়ানোর পর বিকেলে বাড়ির পাশে আমাদের একটা ছাগলকে শিয়াল কামড়াচ্ছিলো। এসময় আমি শিয়ালটিকে তাড়াতে গেলে শিয়ালটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি দাঁড়ানো অবস্থায় শিয়ালটা আমার চোখের নিচে, গালে একাধিক জায়গায় কামড় দেয়। পরে আরও অনেককে কামড় দিয়েছে শেয়ালটি।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোকলেছুর রহমান বলেন, ‘দুপুর থেকে বিকেল পর্যন্ত শিয়ালের কামড়ে আহত একটি শিশুসহ পাঁচজন হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন চিকিৎসাধীন। অন্য তিনজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত ব্যক্তিদের প্রায় সবাই মুখ, কান ও গলায় আঘাত পেয়েছেন। হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের অবস্থা অনেকটা ভালো।’

এসএস