এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের আবেদন দুদকে

আমির হামজা
আমির হামজা | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়ার দাবি করা সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

আজ (সোমবার, ২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।

এর আগে ঘুষ প্রস্তাবকারীদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেয়ায় অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের স্বার্থে দুদকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানান হৃদয় হাসান।

আরও পড়ুন:

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এক ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, মেডিকেল কলেজ বন্ধ রাখতে তাকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেয়া হয়েছিল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করলেও ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

হৃদয় হাসানের আইনজীবী আব্দুল মজিদ জানান, গত ১ এপ্রিল পাঠানো লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ বা আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশ করা উচিত।’

তবে এ বিষয়ে বক্তব্য জানতে এমপি মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এসএস