নগরীর আমানতগঞ্জ এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালে। কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালেই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাত বছরেও আলোর মুখ দেখেনি হাসপাতালটি।
সম্প্রতি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হাসপাতালটি পরিদর্শন করে বলেন, আগস্টে ২০০ শয্যার এই শিশু হাসপাতাল চালু হবে। প্রথম ধাপে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ চালু করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় বিশেষ সহকারী ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘এই ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল, অনতিবিলম্বে আমাদেরকে এগুলোকে ফাংশনাল করতে হবে। এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি।’
ছাদের জলরোধী কাজ, সাবস্টেশন, জেনারেটর ও এসি স্থাপনসহ বেশ কিছু কাজ বাকি থাকলেও দ্রুতই সব কাজ সম্পন্ন করে হাসপাতালটি চালু করা হবে বলে জানান সিভিল সার্জন।
আরও পড়ুন
বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী বলেন, ‘যত তাড়াতাড়ি এটা উদ্বোধন করা যায়। ওনারা যে একটা টাইম ফ্রেম দিয়েছেন সে অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আগস্টে এটা উদ্বোধন করতে পারবো।’
শিশুদের চিকিৎসাসেবায় একমাত্র ভরসা স্থল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। যাতে শয্যার চেয়ে প্রতিদিন রোগী ভর্তি থাকছে প্রায় ১০ গুণ।
রোগীর একজন স্বজন বলেন, ‘রুমের ভিতরে এত অপরিষ্কার। আমরা রোগ ভালো করতে আসছি, এখানে আরও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।’
শিশু হাসপাতালটি চালু হলে মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমার পাশাপাশি শিশুরা উন্নত চিকিৎসাসেবা পাবে বলে জানান, শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ বলেন, ‘তো এত বেশি রোগীর লোডে না আমরা ঠিকমতো রোগীদেরকে অনেক সময় সেবা প্রদান করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো এটা যদি আমাদেরকে এ অবস্থা থেকে উত্তরণ করতে হলে আমাদের অবশ্যই একটা বিকল্প স্থাপনা দরকার ছিলো। তো সেই স্থাপনা হিসেবেই এটা যদি প্রোপারলি চালু করা যায়। বরিশাল বিভাগের স্বাস্থ্যব্যবস্থা, বিশেষ করে শিশু স্বাস্থ্যব্যবস্থা একটা নবদিগন্তের উন্মোচন হবে।’
শিশু হাসপাতালে জরুরি বিভাগ ছাড়াও থাকবে রেডিওলজি, ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ, অপারেশন ব্লক, ওষুধ সরবরাহ বিভাগ, থেরাপি বিভাগ, সাধারণ শিশু ওয়ার্ড, প্রশাসনিক ব্লক ও সম্মেলন কক্ষ।




