নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

সংঘর্ষের প্রতীকী ছবি
সংঘর্ষের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকার (শনিবার, ৩০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন খানপুর এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোহাম্মদ ইমন (২২) ও মেহরাজ (২১)।

স্থানীয় সূত্র জানায়, জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় মামুন গ্রুপ ও রাকিব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল দিবাগত রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় রাকিব গ্রুপের কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত মেহরাজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে ইমন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিয়তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এফএস