শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটের বাস বন্ধ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ | ছবি: সংগৃহীত
0

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (সোমবার, ১৮ মে) সকাল থেকে শ্রমিকদের একাংশ প্রথমে চাঁপাইনবাবগঞ্জ এবং পরে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। আকস্মিক এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকেরা জানান, গতকাল (রোববার, ১৭ মে) শ্রমিক ইউনিয়নের কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু সাধারণ শ্রমিকদের একটি অংশ এই কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। গতকাল রাতে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ানোর পর আজ সকাল থেকে তাঁরা বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘ঘোষিত এ কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না। এই প্রতিবাদের অংশ হিসেবেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

অন্যদিকে, নতুন কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দাবি করেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি দিয়েছে। কমিটিতে স্থান না পাওয়া কিছু শ্রমিক বাস চলাচল বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দ্রুতই সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, বাস বন্ধ থাকায় রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে শত শত যাত্রী আটকা পড়েছেন। এই সুযোগে অটোরিকশা ও সিএনজিচালিত যানগুলো কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শ্রমিক নেতারা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুতই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেআর