নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

নোয়াখালী জেলা কারাগারে মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ (শুক্রবার, ১৫ মে) বিকেল চারটায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এর আগে দুপুর ২ টায় তার বুকে ব্যথা অনুভব হলে কারাগার কর্তৃপক্ষ তাকে ইসিজি করে হাসপাতালে নিয়ে যায়।

মৃত হাজতি হুমায়ুন কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে। কারাগার সূত্রে জানা যায়, মো. হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন গত ১৯ এপ্রিল একটি চুরির মামলার চাটখিল থানা পুলিশের কাছে গ্রেপ্তার হলে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। কারাগারে আসার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া যায়।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি হুমায়ুন কবির আজ দুপুরে জুমার নামাজের আগমুহূর্তে অসুস্থতা অনুভব করলে তাকে কারা মেডিকেলে ইসিজি করা হয়।

ইসিজি রিপোর্টে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএইচ