খুলনা শহরের শিববাড়ি মোড়ের একটি পাশ দখল করে দাঁড়িয়ে আছে ইজিবাইক চালকদের একটি দল। লাইন দিয়ে যাত্রী ওঠানামা করানোর কাজটা এখানেই সারছেন তারা। দিব্বি একটি অঘোষিত অটোস্ট্যান্ড হয়ে উঠেছে এ জায়গাটি। এটি কোনো পার্কিং জোন বা অটোস্ট্যান্ড কি না সে প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। কিছু সময় দাঁড়িয়ে যাত্রী নিয়ে চালে যায় বলে জানান অটোচালকরা।
খুলনা নগরীর বড় প্রতিবন্ধকতা যানজট। বিভিন্ন সড়ক এখন পার্কিং জোনে পরিণত। স্থানীয়দের অভিযোগ, এর জন্য দায়ী বিভিন্ন এলাকার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
আরও পড়ুন
নগরীর ময়লাপোতা, শান্তিধাম, রয়েল মোড়, নিরালা এবং সোনাডাঙ্গা এলাকার প্রধান সড়কের পাশেই রয়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকছে শত শত যানবাহন। শহরের কোথাও কোনো গাড়ি পার্কিং করার জায়গা নেই বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এদিকে, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স ছাড়া যানবাহনের আধিক্য কমিয়ে আনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো হবে।
কেএমপির ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের বাহিরে যে সব গাড়ি আছে তারা এবং এর বাহিরে যারা লাইসেন্স বিহীন গাড়ি চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
নগরীকে যানজট মুক্ত রাখতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘শহরে গাড়ি পার্কিং নিয়ে অনেক সমস্যায় পরতে হয়। দুই একটা রাস্তা বাদে সবগুলোয় একই পরিস্থিতি। অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।’
প্রায় ১৬ লাখ মানুষের বসবাস এই খুলনা শহরে। যানজটমুক্ত একটি নিরাপদ নগরী চান সবাই।





