কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন: সড়কে রক্তের দাগ, চালক-সহযোগী নিখোঁজ

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন
কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার, ১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে পৌঁছে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রাকটির প্রায় ১০ ফুট দূরে রক্তের দাগ দেখতে পাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি ট্রাককে আগুনে পুড়তে দেখেন এবং একইসঙ্গে সড়কের ওপর রক্তের চিহ্নও লক্ষ্য করেন। এতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস বলেন, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।’

এসএস