সেই সময়ের জামায়াত ও এখনকার জামায়াত এক না: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তবে সেই সময়ের জামায়াত ও এখনকার জামায়াত এক না। আজ (শুক্রবার, ১ মে) কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বহুবার জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে। আমাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এ লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে ধারণ করেছি। সম্মান করেছি। জামায়াতের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে এ দলের সদস্য হতে পারেন না।’

তিনি বলেন, ‘সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে একই সুর আমাদের আশান্বিত করেছে। আমরা এখন সামনে যেতে চাই। তাহলেই আমরা নতুন প্রজন্মকে একটা নতুন ইতিহাস দিয়ে যেতে পারবো।’

আরও পড়ুন:

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এ বিলের মধ্যে ইন্টেনশন আছে। এটা সংশোধন করা উচিত। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতো সাংবিধানিক পরিবর্তনের পরও একটা মহল যখন এ বিতর্ক টিকিয়ে রাখতে চান। এটা দেশপ্রেম স্বাধীনতার প্রেম না। এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ। এই দুরভিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয়

‎উপদেষ্টা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া।

এফএস