জামালপুরে কালবৈশাখী ঝড়ে মা’সহ ২ মেয়ের মৃত্যু

বাড়ির ওপর ভেঙে পড়া গাছ
বাড়ির ওপর ভেঙে পড়া গাছ | ছবি: এখন টিভি
0

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসত ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ঘুমিয়ে থাকা মা ও দুই মেয়েসহ তিন জন নিহত হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাতে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন ৮০ বছর বয়সী খুকি বেগম। ভোর রাত ৪টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তিনটি গাছ খুকি বেগমের ঘরের ওপর পড়ে। এতে গাছ চাপায় মা ও দুই মেয়েসহ তিনজন মারা যায়।

সকাল ৭টার দিকে স্থানীয়রা ঘরে থাকা ওই তিনজনের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানায় কর্মরত এস আই ত্রিদিব কুমার বীর বলেন, ‘গাছ চাপা পড়ে মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত দুদিনের কালবৈশাখী ঝড়ে এ নিয়ে জামালপুরে পাঁচজন মারা গেছে। গতকাল দুজন বজ্রপাতে আর আজ গাছ উল্টে তিনজনের মৃত্যু হয়েছে।

এএইচ