বরিশালের সাগরদী এলাকার তালুকদার ভিলা। দরজা-জানালা নেই। কোনটা ঝুলে আছে, কোনোটা উড়ে গেছে। ভবনের নানা স্থানে দেখা দিয়েছে ফাটল। আর কক্ষগুলো সব লণ্ডভণ্ড।
বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী কয়েক বাড়িঘরও। কারও জানালার গ্লাস ভেঙেছে। কারও টিনের বেড়া ঊড়ে গেছে। আজ (বুধবার, ১৫ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় হঠাৎ বিস্ফোরণ হয়। আধা কিলোমিটার দূর থেকেও শোনা গেছে শব্দ। ঘরের পরিস্থিতি দেখে কোনোভাবেই বলা যায় না এটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিস্ফোরণে ভাড়াটিয়া মানিক ও তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মৃদুল দগ্ধ হয়। ছেলের জন্য খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয় বলে জানান বিস্ফোরণে আহত মানিকের স্ত্রী।
মানিকের স্ত্রী বলেন, ‘খাবার গরম করার জন্য যখন চুলায় আগুন জ্বালাতে যাবো ঠিক তখনি বিস্ফোরিত হয়।’
আরও পড়ুন:
বিস্ফোরণে দগ্ধ মানিকের শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ বলেন, ‘মানিক মিয়ার শরীর ৭০ শতাংশ পুড়ে গেছে। আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।’
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশালের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, ‘গ্যাস লিকেজ থেকেও হতে পারে। আর আমি ফায়ার সার্ভিসের লোকদের সঙ্গেও কথা বলেছি তারা বলেছে গ্যাস ছড়িয়ে থাকলে এমন ঘটনা ঘটতে পারে।’
বিস্ফোরিত ভবনটির ৩ তলা ও ২ তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।





