সাতক্ষীরায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু; অ্যান্টিভেনম সংকটের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে ১৮ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি খাতুন একই গ্রামের আব্দুল্লাহ সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বাড়ির রান্নাঘর পরিষ্কার করছিলেন বিথি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

একই সঙ্গে তারা অভিযোগ করেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) না থাকায় অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। দ্রুত অ্যান্টিভেনম সরবরাহ বাড়ানো এবং গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

এএইচ