বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ; কয়েক গ্রামের কৃষকদের আপ্রাণ চেষ্টায় ধান রক্ষা

ভাঙা বাঁধ মেরামত করছে কৃষকরা
ভাঙা বাঁধ মেরামত করছে কৃষকরা | ছবি: এখন টিভি
1

কয়েক গ্রামের কৃষকদের আপ্রাণ চেষ্টায় রক্ষা হয়েছে সুনামগঞ্জের দেখার হাওরের একটি অংশের বোরো ফসল। আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে হঠাৎ করে দেখার হাওরের সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর-মদনপুর গ্রামের গুজাউনি বাঁধ ভেঙে মহাসিং নদীর পানিতে তলিয়ে যাচ্ছিলো হাওরের ধান। খবর পেয়ে গোবিন্দপুর, মদনপুর ও আশপাশের গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁশ পুতে মাটি ফেল বাঁধটি রক্ষা করেন।

জানা যায়, শনিবার সকালে হটাৎ করে মহাসিং নদীর পানির চাপে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর-মদনপুর গ্রামের পূর্ব দিকে গুজাউনি বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে যাচ্ছিলো হাওরের সদর উপজেলার গোবিন্দপুর, মদনপুর, শান্তিগঞ্জ উপজেলার আস্তমা, কাইক্কারপাসহ আশপাশের গ্রামের কৃষককের ধান।

খবর পেয়ে এলাকার কৃষকরা ভেঙে যাওয়া বাঁধে বাঁশ পুতে ও মাটি ফেলে কয়েক ঘণ্টার চেষ্টায় বাঁধটি মেরামত করে পানি প্রবাহ বন্ধ করেন।

আরও পড়ুন:

স্থানীয় কৃষক আলী হায়দার, সুলতান মিয়া জানান, দেখার হাওরের পানি নিষ্কাশনের পথে উতারিয়া-পাথারিয়া এলাকায় উঁচু বাঁধ দেয়ায় হাওরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাওরের পূর্ব অংশের পানি জমে পশ্চিম অংশের গুজাউনি বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছিলো কয়েক গ্রামের প্রায় পাঁচ হাজার হেক্টর বোরো জমির ধান। খবর পেয়ে কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষা করেন।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ‘দেখার হাওরের ভেতরে একটি অংশের বাঁধ ভাঙার খবর পাওয়ার পরপরই বাঁশ পুতে জিও ব্যাগে মাটি ভরে কৃষক ও পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় বাঁধটি রক্ষা করা হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নয়। তারপরও যে এটি ভেঙে হাওরে পানি ঢুকেছে সেটি এরইমধ্যে সকলে মিলে বন্ধ করা হয়েছে। তবে এতে ফসলের কোনো ক্ষতির সুযোগ নেই।’

এসএস