ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান; দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

উচ্ছেদ অভিযান ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা
উচ্ছেদ অভিযান ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে হাইওয়েতে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে।

আজ (রোববার, ৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যৌথ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা।

এদিকে অভিযানের সময় সড়ক ও জনপদ বিভাগের অধীনে হাইওয়ের ওপর গড়ে ওঠা অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদ করতে গেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হট্টগোলে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন:

অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কমিশনার ও অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, ‘সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সড়ক পুনরায় দখল করে তাহলে আবারো উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। এ বিষয়ে সব স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন।’

এসএইচ