উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলা সদরের পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের মিনি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দুটি ট্যাংক ও দুটি গাড়িতে জ্বালানি মজুত থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন:
এছাড়া অবৈধভাবে মজুত করা জ্বালানি পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি মজুত করা হয়। দাম বৃদ্ধি হলে বিক্রির উদ্দেশ্যে পাম্প মালিক অবৈধভাবে মজুত করেছিলেন।’
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম সাথে ছিলেন। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসন। এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন ৩৭০ লিটার পেট্রোল জব্দ করেছে।





