সান্তাহারে রেললাইন মেরামত শেষ, ট্রেন চলাচল শুরু

লাইনচ্যুত বগি উদ্ধার কার্যক্রম
লাইনচ্যুত বগি উদ্ধার কার্যক্রম | ছবি: বাসস
1

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

এর আগে গতকাল (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

গতকাল (বুধবার, ১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন।

আরও পড়ুন:

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএম