খুলনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

দুর্ঘটনাগ্রস্ত বাস ও মাইক্রোবাস
দুর্ঘটনাগ্রস্ত বাস ও মাইক্রোবাস | ছবি: এখন টিভি
3

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নতুন বর ও কনেসহ ১৩ জন। বরযাত্রীবাহী মাইক্রোবাস এবং নৌবাহিনীর একটি বাসের সংঘর্ষে নিহতদের মধ্যে একই পরিবারের ১২ জন সদস্য ছিলেন। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের পাশে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

সাব্বির ও মিতুর বৈবাহিক জীবন শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে গেলো। খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এ দম্পতি। একইসঙ্গে নিহত হয়েছেন পরিবারের বেশিরভাগ সদস্যরাই। এতে পরিবারের ১২ জন সদস্য ছাড়াও ছিলেন মাইক্রোবাসটির চালক।

পরিবারের সদস্যরা বলছেন, দুপুরে খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলার নিজে বাড়ির উদ্দেশে রওনা হয় পুরো পরিবার। মোংলা উপজেলার বেলায়ব্রিজ এলাকায় আসতেই ঘটে এ দুর্ঘটনা। নিহত হয় মাইক্রোবাসে থাকা সবাই।

আরও পড়ুন:

খুলনা-মোংলা মহাসড়কে প্রায় সময়ই ঘটে থাকে এমন সড়ক দুর্ঘটনা। এ সড়কটি চারলেন করা হলে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশেই কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

দুর্ঘটনার পরপরই একের পর এক মরদেহ ঢোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পত্তিসহ একে একে ৯টি মরদেহ নেয়া হয় মর্গে। এছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও ৪ জনের মরদেহ।

এ সড়ক দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ নিহত হয়েছে তার পরিবারের বেশিরভাগ সদস্য।

এসএইচ