উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত লিমন হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। সংসারের হাল ধরতে তিনি জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজ শেষ করে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন লিমন। কানে লাগানো ছিল হেডফোন। স্রোতের মতো ছুটে আসা ট্রেনের হুইসেল কি তার কানে পৌঁছায়নি? নাকি গানের আওয়াজে তা ডুবে গিয়েছিল? তার জবাব মেলেনি। এক পলকেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত নিয়ে প্রাণ হারান এই তরুণ।
আরও পড়ুন:
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি সম্পূর্ণ অসাবধানতার ফল। কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটা মানে নিজের জীবনকে বিপন্ন করা। ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।





