বরগুনায় দু’টি হরিণসহ শিকারি আটক, এক বছরের জেল

দু’টি হরিণসহ আটক শিকারি
দু’টি হরিণসহ আটক শিকারি | ছবি: এখন টিভি
0

বরগুনার পাথরঘাটায় দু’টি জবাই করা হরিণ (ওজন প্রায় ৪ মণ) ও বিপুল পরিমাণ শিকারি ফাঁদসহ মো. হানিফ (৪৫) নামে এক পেশাদার শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।

বন বিভাগ ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (সোমবার, ২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সদস্যরা বিষখালী নদী থেকে ধাওয়া করে শিকারিদের ট্রলারটি আটক করেন। অভিযান চলাকালীন চার থেকে পাঁচজন শিকারি পালিয়ে যেতে সক্ষম হলেও মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন:

আজ দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটক হানিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পাথরঘাটা সদর বিট অফিসার আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা হরিণ দু’টিকে নিয়ম অনুযায়ী মাটি চাপা দেয়া হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস