Recent event

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ এমপি মিলনের

মাসিক সভায় এমপি শফিকুল হক মিলন
মাসিক সভায় এমপি শফিকুল হক মিলন | ছবি: এখন টিভি
0

মাদক ও অবৈধ পুকুর খননে জিরো টলারেন্স নীতি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন রাজশাহীর পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সভায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শফিকুল হক মিলন বলেন, ‘অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের আটক করে আইনের আওতায় আনতে হবে।’ এসময় রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘পবা শহরের প্রাণকেন্দ্র। এ উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়া বিজিবি, বিভিন্ন থানার কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এ সভায় উপস্থিত ছিলেন।

এসএইচ