নাটোরে নদীতে থাকা প্লাস্টিকের বক্স থেকে ৫০ রাউন্ড গুলি উদ্ধার

বক্সের ভেতর থেকে উদ্ধার করা গুলি
বক্সের ভেতর থেকে উদ্ধার করা গুলি | ছবি: এখন টিভি
0

নাটোরের সিংড়ায় নাগর নদীতে পড়ে থাকা প্লাস্টিকের বক্স থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র পরিষ্কারের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) এসব গুলি উদ্ধার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর জানান, সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি বক্স। এসময় শিশুরা বিষয়টি বুঝতে না পেরে বাক্সটি তাদের বাড়িতে নিয়ে যায়।

পরে শিশু দুটির মা মরিয়ম বেগম সিংড়া থানায় ফোন করে খবর দেয়। এসময় পুলিশ গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বক্স খুলে সেখানে পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। এসব জিনিস কোথা থেকে এসেছে বা কারা রেখেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান সিংড়া থানার ওসি।

এএইচ