ফুপুর চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ গেলো মাদ্রাসাছাত্রের

নিহত মাদ্রাসাছাত্র ইউসুফ আলী
নিহত মাদ্রাসাছাত্র ইউসুফ আলী | ছবি: সংগৃহীত
3

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় ইউসুফ আলী (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আদমজী সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফুপুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত ইউসুফ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় তার ফুপা আব্দুস সাত্তারের বাড়িতে থাকতেন। সম্প্রতি স্থানীয় একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়াশোনা শেষ করেন তিনি।

পুলিশ জানায়, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত ইউসুফকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

ইউসুফের ফুপা আব্দুস সাত্তার জানান, তার স্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসার প্রয়োজনে ইউসুফকে ১৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেছিলেন তিনি। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরেও হাসপাতালে না পৌঁছালে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে থানায় গিয়ে ছবি দেখে ইউসুফকে শনাক্ত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ইউসুফের মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরা এসেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’

এফএস