গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় এ ঘটনা ধরা পড়ে। ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে।
গুদাম সূত্রে জানা যায়, ট্রাক থেকে কার্টুন নামানোর সময় শ্রমিকদের কাছে ওজন নিয়ে সন্দেহ হয়। পরে একটি কার্টুন খুলে দেখা যায়, সেখানে ২ লিটার ধারণক্ষমতার ৯টি বোতল রয়েছে, যেগুলো সয়াবিন তেলের পরিবর্তে পানি দিয়ে ভর্তি করা। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে একটি কার্টুন খোলা হলে তেলের বোতলের পরিবর্তে পানির বোতল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’





