আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
আরও পড়ুন:
এদিন তিনি নিজ গ্রামের বাড়ী সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
এদিকে প্রথমবারের মতো ভূমি প্রতিমন্ত্রী হিসেবে এলাকায় আগমনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।





