Recent event

ফরিদপুরে কারাগারে বন্দিসহ পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৭৯৮৮ জন

ফরিদপুর কারাগার
ফরিদপুর কারাগার | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা। তাদের মধ্যে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জানান জেল সুপার।

এবারই প্রথমবারের মতো কারাগার থেকে বন্দি ও কর্মকর্তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ভোটাধিকার প্রয়োগকারী ৫২ জন বন্দির মধ্যে দুইজন নারী বন্দিও রয়েছেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে ১ হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৫১ জন নারী বন্দী আছেন। তাদের মধ্যে ৫২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। আগ্রহীদের মধ্যে ১০ জন হাজতি ও ৪২ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। আগ্রহী দুইজন নারী বন্দিও সাজাপ্রাপ্ত কয়েদি।

আরও পড়ুন:

জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষণার পর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কারা অভ্যন্তরে কয়েদিদের জন্য দুইটি ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বুথ স্থাপনের প্রস্তুতিও চলছে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘জেলায় মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে আমরা এ বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নেবেন ভোটাররা।’

এসএইচ