Recent event

নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে নিহত দুই শিশু
পানিতে ডুবে নিহত দুই শিশু | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো— একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)।  

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়তো। আজ সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। এক পর্যায়ে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন:

পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে বাড়ির এক সদস্য তাদের উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন তিনি।

সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, ‘পুকুরের ঘাটে শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে এবং ডুবে মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসএইচ