Recent event

শেরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩ জন
হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩ জন | ছবি: এখন টিভি
2

শেরপুরের ঝিনাইগাতীতে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১৭ আগস্ট) দুপুর ২টায় তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, আসামি রাসেল আন্তঃজেলা চোরাকারবারী ও মাদকচক্রের সক্রিয় সদস্য। সম্প্রতি রাসেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ার পরও স্থানীয় লোকজন তার ভয়ে মুখ খুলতে পারে নি। সংবাদ পেয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে দৈনিক ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিক মো. খোরশেদ আলম।

এদিকে গত শুক্রবার রাতে সাংবাদিক খোরশেদ আলম সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রাসেল ও সহযোগীরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে সাংবাদিক খোরশেদকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ১৬ আগস্ট মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এএইচ