উল্টো পথে ঢোকা মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো তিন বন্ধুর

নিহত তিনজন
নিহত তিনজন | ছবি: এখন টিভি
0

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাত ৯টায় উপশহরের ৩০০ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬) ও দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ও বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৫) এবং রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা তিন বন্ধু ছিলো। তারা পূর্বাচলে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলো। ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহন হয় রুদ্র ও ইয়াসিন। অপর বন্ধু শ্রাবণ আহত হয়েছিলো। পরে তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বেলা ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

কাঞ্চন হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। এক পর্যায়ে তারা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু ইয়ামিন ও রুদ্র মিয়া নিহত হয়।’

তিনি জানান, দুর্ঘটনায় তাদের অপর বন্ধু শ্রাবণ মিয়া আহত হয়। পরে আজ বেলা ১১টার দিকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ