আফগান ক্রিকেটারদের বেতন নিয়ে মুখ খুললেন ট্রট

জোনাথন ট্রট
জোনাথন ট্রট | ছবি: সংগৃহীত
26

ক্রিকেট খেলে বোর্ড থেকে ঠিক কত আয় করেন আফগান ক্রিকেটাররা? দীর্ঘদিন ধরেই ক্রিকেট বিশ্বে এমন কৌতূহল। তবে, আফগানিস্তানের তথ্যগত বিধিনিষেধের কারণে তা সামনে আসেনি কখনোই। তবে এবার আফগানিস্তান ক্রিকেটের বেতন কাঠামো নিয়ে ধারণা দিয়েছেন দলের সাবেক কোচ জোনাথন ট্রট। এক পডকাস্টে ধারণা দিয়েছেন রশিদ খানদের বেতন নিয়ে।

সাড়ে তিন বছর আফগানিস্তানের কোচ হিসেবে কাজ করেছেন। ক্রিকেট মানচিত্রে আফগানিস্তানকে বড় দলের বিপক্ষে জিতিয়েছেন ধারাবাহিকভাবে। তবে, জোনাথন ট্রট কোনোদিনই পা রাখেননি আফগানিস্তানের মাটিতে।

কিছুটা বিষ্ময়কর এই তথ্য ট্রট সম্প্রতি প্রকাশ করেছেন এক ক্রিকেট বিষয়ক পডকাস্টে। নিজের সাবেক দুই সতীর্থ অ্যালিস্টার কুক এবং মাইকেল ভনের প্রশ্নের জবাবে আফগানিস্তান ক্রিকেটের নানা দিক সামনে এনেছেন সাবেক ইংলিশ ব্যাটার ট্রট। আর সেই সুবাদেই সামনে এসেছে বহু আগ্রহের এক প্রশ্নের উত্তরও। আফগান ক্রিকেটাররা ঠিক কত বেতন পান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অসমর্থিত তথ্য ভেসে বেড়ালেও সংখ্যাটা নিয়ে ধারণা দিয়েছেন ট্রট। জানালেন, যদি কোনো ক্রিকেটার তিন ফরম্যাটেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকে তবে তার বাৎসরিক আয় হয় ৮০ হাজার ডলারের কাছাকাছি। বাংলাদেশের মুদ্রামানে যা বছরে কোটি টাকার কিছুটা কম।

তবে, বর্তমানে এমন অঙ্কের বাৎসরিক বেতন পাচ্ছেন খুব কম ক্রিকেটাররা। দেশটির চুক্তিতে সবচেয়ে ওপরের ক্যাটাগরিতে থাকা রশিদ খান-মোহাম্মদ নবীরা খেলছেন না টেস্ট ক্রিকেট। আবার তিন ফরম্যাটের নিয়মিত মুখ গুরবাজ কিংবা আজমতউল্লাহ ওমরজাই-রা শীর্ষ ক্যাটাগরির অংশ না।

সর্বনিম্ন বেতন কত তা নিয়েও ধারণা দিয়েছেন ট্রট। কেবল টি-টোয়েন্টি খেলা নুর আহমেদ বোর্ড থেকে বাংলাদেশের মুদ্রামানে মাসে আয় করেন সাড়ে ৩ লাখ টাকা। সাবেক কোচের ভাষ্য এবং পূর্বের বছরের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্যের ভিত্তিতে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, বছরে ৩৬ লাখ থেকে ৯৯ লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ আছে আফগানিস্তানের ক্রিকেটে।

একই দিক থেকে তুলনা করতে গেলে বাংলাদেশ ক্রিকেটে বছরে আয়ের সুযোগ অনেকটাই বেশি। কেবল জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকলে ২৪ লাখ থেকে ১ কোটি ২০ লাখ পর্যন্ত আয়ের সুযোগ পান টাইগার ক্রিকেটাররা।

সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ার সুবাদে আরও অন্তত ৩৫ লাখ টাকা ক্রিকেটারদের আয়ে যুক্ত করেছে বিসিবি। যদিও মাঠের ফলাফলে সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বেতনের আফগানদের কাছেই ধরাশায়ী টাইগার ক্রিকেটাররা।

জেআর