শনিবার শুরু ত্রিদেশীয় সিরিজ; প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ম্যাচের আগে ক্রিকেট দলের অনুশীলন
সিরিজের প্রথম ম্যাচের আগে ক্রিকেট দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল (শনিবার, ১৭ অক্টোবর) হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। টুর্নামেন্টকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো কন্ডিশনিং ও ম্যাচভিত্তিক অনুশীলন সেরেছে টাইগাররা। আবুধাবির কাঠফাটা গরমের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকেই নজর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৌকতের।

দীর্ঘ সাত বছর পর ফের কোনো ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে খেলেতে চলেছে বাংলাদেশ। শেষবার ২০১৯ সালে আয়ারল্যান্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিলো টাইগাররা। জাতীয় দলের কোনো টুর্নামেন্টে সেটিই ছিলো প্রথম শিরোপা জয় এবং এখন পর্যন্ত ওই একবারই। মাশরাফির নেতৃত্বে ডাব্লিনে সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টাইগাররা ফাইনাল জিতেছিলো মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে।

এবার ভেন্যু বদলালেও লক্ষ্যটা একই— শিরোপা জয়। আবুধাবির তীব্র গরম ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন লিটন-তাসকিনরা। দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন কন্ডিশন কঠিন হলেও তার সঙ্গে মানিয়ে নিয়ে জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে তারা।

তিনি বলেন, ‘গরম থাকবে অবশ্যই। আমার কাছে মনে হয়, যারা টেস্ট দলের সঙ্গে ছিলো, তারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। তো আমরা যারা নতুন এসেছি, আমরা দুই দিন অনুশীলন করলাম এবং কালও অনুশীলন করবো। যেহেতু খেলাটা বিকেল থেকে শুরু হবে, মনে হচ্ছে একটা ইনিংস পর থেকে হালকা বাতাস থাকবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। তবে এর আগে আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। সেই দুটি ম্যাচ আমাদের জিততে হবে। আমাদের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে, চেষ্টা করবো সর্বোচ্চ ভালো খেলে যেন আমরা ওই ম্যাচটা জিততে পারি। তারপর আমরা আফগানিস্তানের সঙ্গে খেলবো।’

পেস ও স্পিনের দারুণ ভারসাম্যে বোলিং আক্রমণ শক্তিশালী হলেও, টাইগারদের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে ব্যাটিংয়ে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের কোয়লিটি স্পিনারদের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সেরা দুই দল খেলবে ফাইনাল। ২৩ অক্টোবরের ফাইনালে জিতে আরও এক শিরোপার দিকেই চোখ ফিল সিমন্সের শিষ্যদের।

এসএইচ