গাজীপুরে আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—এটিএসআই নুরুল ইসলাম, কনস্টেবল আশিকুর রহমান। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন; মো. আনিছ (১৮) ও শিমলা (২২)। জয়দেবপুর রেলওয়ে প্ল্যাটফর্মে বিক্রির সময় ৫৮পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে এক নারীসহ দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই একদল মাদক কারবারি দেশিয় ধারালো অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। তবে আসামিদের ছিনিয়ে নিতে পারেনি।’

পরে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায় অস্ত্রধারীরা। খবর পেয়ে রেলওয়ে ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। অভিযুক্ত হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

এফএস