রবীন্দ্রনাথের গ্রাফিতি রক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

​রাজধানীর একটি দেয়াল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা রোধসহ দেশের বিভিন্নস্থানে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। এতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সংস্কৃতি সচিব, তথ্য সচিব এবং আইজিপিকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কনসার্ট, বাউলগান, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী ও ঐতিহ্যবাহী নৌকাবাইচের মতো বৈধ সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে।

উদাহরণ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত, ঢাকায় ভারতীয় শিল্পী অনুপম রায়ের কনসার্ট বাতিল, কিশোরগঞ্জে ব্যান্ড অ্যাশেজ ও নোবেলের কনসার্ট বন্ধ এবং সিলেটে নৌকাবাইচে বাধার ঘটনাগুলো তুলে ধরা হয়।

রিট​আবেদনে যুক্তি দেয়া হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো বৈধ আয়োজন বন্ধ করার ‘ভেটো ক্ষমতা’ নেই। কারও আপত্তি থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে পারে; কিন্তু হুমকি, হামলা বা ভাঙচুরের মাধ্যমে জোরপূর্বক অনুষ্ঠান পণ্ড করা সম্পূর্ণ বেআইনি। তাই কোনো মহলের চাপের কাছে নতি স্বীকার না করে সংশ্লিষ্ট আয়োজক, শিল্পী ও দর্শকদের পুলিশি নিরাপত্তা দেয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি রাজধানীর দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলা বা নষ্ট করা থেকেও রক্ষার দাবি জানানো হয়।

এর আগে এসব বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় আয়োজক ও শিল্পীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।

এফএস