সাইবার নিরাপত্তা সচেতনতায় ডিএসইর বিশেষ কর্মসূচি

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ | ছবি: সংগৃহীত
0

পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে নিরাপত্তা জোরদার এবং কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের মধ্যে সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো অক্টোবর মাসজুড়ে মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ (রোববার, ১১ অক্টোবর) ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে নেওয়া এ কর্মসূচির আওতায় প্রতারণামূলক অনলাইন কার্যক্রম থেকে সুরক্ষা, নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উৎসাহিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার প্রকাশ এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক ও সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত এবং তা মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রেকহোল্ডারদের অংশগ্রহণে অনলাইনে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে বিভক্ত করে এসব প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা বিষয়ে জ্ঞান ও সচেতনতা যাচাই এবং অংশগ্রহণে উৎসাহিত করতে ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির আওতায় সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি ও সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসইর নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত শীর্ষ পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের এ স্বীকৃতি দেওয়া হবে।

ডিএসইর তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ ও কুইজ পরিচালনার দায়িত্ব পালন করছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি অবকাঠামো, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় প্রয়োজনীয় সহযোগিতা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত এ উদ্যোগ ডিএসই ও এর অংশীজনদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার গঠনে সহায়ক হবে।—বাসস

এএইচ