যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ইসাইয়াসের’ তাণ্ডবে নিহত ৪

হারিকেন ‘ইসাইয়াসের’ তাণ্ডব
হারিকেন ‘ইসাইয়াসের’ তাণ্ডব | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎহীন আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা।

প্রলয়ংকারী দুর্যোগে সড়কজুড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। অনেক স্থানে ভেঙে পড়েছে ঘরবাড়ির ছাদ। গাছপালা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে উদ্ধারকারী দল।

যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারাও। এদিকে, মূল ভূখণ্ডে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে ক্রান্তীয় সাইক্লোনে পরিণত হয়েছে ইসাইয়াস। যদিও এর প্রভাবে ক্যারোলিনা ও জর্জিয়ায় ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার শঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

জরুরি অবস্থা জারি রয়েছে আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়ায়। এদিকে, মেক্সিকোর পশ্চিম- মধ্য উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি চার মাত্রার হারিকেন সিমন। রোববার স্থানীয় সময় ভোর নাগাদ এটি স্থলভাগে আঘাত হানতে পারে। ক্ষতির শঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

এফএস