পাবনা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র
অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র | ছবি: এখন টিভি
0

পাবনা সদর থানার বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তমসের মোল্লা ও রাশিদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার, ৯অক্টোবর) রাতে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সদর সার্কেল, মো. সাখাওয়াত হোসেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার ভাঁরাড়া ডাঙ্গি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি তল্লাশি করে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি এবং অবৈধ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তমসের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাশিদ নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬বোতল ফেনসিডিল ও ৩৬ পিস ইয়াবাসদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

জেআর