অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের নারীরা

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অজিদের মাটিতে ওয়ানডে খেলতে নেমে ৭ উইকেটে হারলো নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটে বলে মলিন দিনে হতাশ করেছেন বড় সব নামই।

ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে দ্রুতগতির পিচ হিসেবে সুনাম ও দুর্নাম দুই-ই আছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ক্রিকেটে খেলতে নেমে বাংলাদেশ অবশ্য সয়েছে দুর্ভোগের গল্প। মেগান শ্যুটের প্রথম বলেই ফারজানার আউটের পর বোঝা গিয়েছিলো দিন বাংলাদেশের না।

আরেক ওপেনার শারমিনও বিদায় নেন দ্রুতই। শারমিন সুলতানা এবং নিগার সুলতানা জ্যোতি প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। শারমিন ২৪ রানে ফিরলে সোবহানা মোশতারি এবং স্বর্ণাও খুব একটা সঙ্গ দিতে পারেননি দলকে।

অধিনায়ক জ্যোতি খেলেছেন ৮৬ বলে ২৯ রানের ধীরগতির এক ইনিংস। তবে দলীয় ৮৩ রানে ৫ম ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত দলের হাল ধরেন রিতুমনি। তার ৪৫ রানে ভর করে দলীয় ১৫০ রান পার করে বাংলাদেশ। শেষদিকে নাহিদার ১৯ রানে ১৬৬ পর্যন্ত যায় বাংলাদেশ।

বল হাতেও শুরুটা মন মতো ছিলো না বাংলাদেশের। দলীয় ৩০ রানে জর্জিয়া ভয়েলের উইকেট আদায় করলেও বাংলাদেশের বোলারদের সময় খুব একটা ভালো কাটেনি। ফিবি লিচফিল্ড এবং এলিস পেরির জুটি থেকে আসে ৮৯ রান। লিচফিল্ড বিদায় নেন ৭৭ রানে।

এরপর বেথ মুনি ১৩ রানে ফিরলেও অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে ম্যাচ শেষ করেন এলিস পেরি। বল হাতে ৪ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সুবাদে ম্যাচসেরা হন সাদারল্যান্ড।

এসএইচ